ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযানে নামছে পুলিশ, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি ও অসাধু মজুদদারদের বিরুদ্ধে। এরই মধ্যে গোয়েন্দা পুলিশ নজরদারি শুরু করেছে।
গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সয়াবিন তেলসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট বানিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সরকারের উচ্চপর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালাতে বলা হয়। এর পর অসাধু ও মজুদদারদের তালিকা তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান ও গুদামে সাদা পোশাকে শুরু হয় নজরদারি। যেসব ব্যবসায়ী সিন্ডিকেট-চক্রের সদস্য হয়ে অধিক মুনাফার আশায় বাজারে সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিকবার বৈঠকও করেছেন। মাঠপর্যায়ের কর্মকর্তাদের দেওয়া হয়েছে নানা দিকনির্দেশনা।
জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) জনাব, একে এম হাফিজ আক্তার বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের সব ইউনিটকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট তৈরি করে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য নজরদারি চলছে।