শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৪

এমপিওভুক্তর ঘোষণা আসছে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তর ঘোষণা আসছে। সম্ভব হলে মার্চ মাসের মধ্যেই এ ঘোষণা দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে জোরেশোরে কাজ চলছে। তবে সংকট সৃষ্টি হয়েছে চলতি অর্থবছরে মাত্র ২৫০ কোটি টাকা বরাদ্দ নিয়ে। এই টাকায় আবেদনের তুলনায় খুব বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সুযোগ নেই।
সূত্র জানায়, গত বছরের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে
নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন পড়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার ৯০০ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে। আবেদনকৃত মোট সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য অপেক্ষা করছেন।