ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার লাকসামে গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) লাকসাম পৌর এলাকার গাজিমুড়া দক্ষিণ পাড়া মৃত ত্বকু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ছাই হওয়া গোয়াল ঘর ও গরু তিনটি মৃত ত্বকু মিয়ার ছেলে দিনমজুর বাদল মিয়ার ছিল। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের।
এলাকবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওইদিন রাত সোয়া ৮টার দিকে লাকসাম পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়াদক্ষিণ পাড়া মৃত ত্বকু মিয়ার ছেলে দিন মজুর বাদল মিয়ার গোয়াল ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা তিনটি গরু পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয় এবং লাকসাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।