ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আচমকা অজানা নম্বর থেকে ফোন করে নানা রকম উদ্ভট আওয়াজ শোনায় তারা। এরপরই কথা শুরু করে জ্বীনের বাদশা। সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জন, অঢেল সম্পদ মালিক বানিয়ে দেয়া, পরকালে সাত রাজার ধন পাইয়ে দেয়াসহ অপূর্ণ চাহিদা পূরণের আশ্বাস দেয়াসহ আরও প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা করে তারা। এ প্রলোভনে বিশ্বাস করলেই নানা অজুহাতে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এমনই এক চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন, মূলহোতা মো. লুৎফর রহমান, তার সগযোগী আ. গফফার ও মো. শামীম। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও বিভিন্ন অপারেটরের সিম উদ্ধার করা হয়েছে। তাদের একটি সিমেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্ধকোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার জনাব, মুক্তা ধর বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বরিশাল, ভোলা, চট্টগ্রাম, বগুড়া ও গাইবান্ধা এলাকার সহজ সরল মানুষদের ধোঁকা দিয়ে আসছিলো। চক্রটি নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দেয়। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত সোমবার গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।