শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২২

রড পড়ে ঠিকাদারের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে রাজধানীর মধ্য বাড্ডায় মাজেম আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার ছিলেন।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত মাজেম আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল গ্রামে। পরিবার নিয়ে তিনি দক্ষিণ কুড়িল হিমবাড়ি এলাকায় থাকতেন। এক ছেলে ও তিন মেয়ের জনক মাজেম।
নিহতের ছেলে আসাদুজ্জামান মিলন বলেন, বাবা বিকেলে এই নির্মাণাধীন ভবনের কাজ দেখতে যান। হঠাৎ ওপর থেকে মাথায় রড পড়ে গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।