ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আসাদ (২০) নামে ফরিদপুরের সালথায় এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ ঘটনা ঘটে।
আসাদ ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে উপজেলার স্থানীয় ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
রবিবার (১৪ নভেম্বর) বিকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউপি নির্বাচনে এক বিজয়ী প্রার্থীর লোকজন তাদের বাড়ির পাশে আনন্দ উল্লাস করছিলেন। আছাদের বাড়ি পাশে হওয়ায় সে ওই উল্লাসে বাধা দেয়। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
পরে রাগে ক্ষোভে শনিবার (১৩ নভেম্বর) সকালে আছাদ বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুরে রেফার করেন। পরে ফরিদপুরে নেওয়ার পথে সে মারা যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আসিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।