ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অনুপ কুমার। গুরুতর অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।
তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।