ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা সদরে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।