ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নামের মিল থাকায় চেক ডিজঅনারের মামলায় ভুল ব্যক্তিকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মামুন মিয়া নামের ওই ব্যক্তি আদালতের দেওয়া দণ্ডে প্রায় চার মাস কারাভোগ করেন। ভুল ব্যক্তিকে সাজা খাটানোর ঘটনায় শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে মামলার বাদীপক্ষ একটি পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেড প্রতিষ্ঠান। একইসঙ্গে ভুক্তভোগীকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণও দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্ষতিপূরণ পাওয়ার পর ভুক্তভোগী মামুন মিয়া তার করা অভিযোগ প্রত্যাহার করে নেন।
ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ জনাবা, তানিয়া সুলতানা লিপির আদালতে আপস-মীমাংসার নথি দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী মামুন মিয়ার আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু।
ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূঁইয়া জাদু বলেন, ঐ পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভুক্তভোগীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ক্ষতিপূরণ দিয়েছেন। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা অভিযোগ প্রত্যাহার করেছি।