ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ কেজি গাঁজাসহ মুন্সীগঞ্জে দুইজনকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গেন্ডারিয়ার আবুল কাওসারের ছেলে মো. কামরুল হাসান রবিন (৩৩), টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল গ্রামের মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮)। বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া (৪৭ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযানকালে কামরুল হাসান রবিনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের ৩টি গাঁজার পোটলা এবং শান্ত ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একইভাবে মোড়ানো ১ কেজি ওজনের ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ পাঁচ কেজি।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।