সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৯

সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) গৌরনদী উপজেলার একটি মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে আয়োজিত “এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা”র উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, অনলাইন তথ্যের সত্যতা যাচাই এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পিআইবির প্রশিক্ষক ও কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন, পিআইবির প্রশিক্ষক ও ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও গিয়াস উদ্দিন মিয়া এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার।
কর্মশালায় গৌরনদী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং তথ্য যাচাইভিত্তিক, দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা চর্চা শক্তিশালী হবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”