ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ (মোংলা নৌপথে) এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিক-কর্মচারীরা।
মোংলা পৌর শহরের মামার ঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা নৌপথে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় কর্মসূচিতে বক্তব্য দেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মো. সোহাগ চৌধুরী, মো. বেলাল হোসেন, অপূর্ব মণ্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মো. রিয়াজ প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নৌযান ধর্মঘট, কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।