ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকার নির্ধারিত সময়ের মধ্যে আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার জনাবা, মাহমুদা বেগম।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আওতাধীন শিল্পকারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় শ্রমিকদের বেতন-বোনাস, ঈদ ছুটি, বকেয়া পাওনা সময়মতো পরিশোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিজিএমইএর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান।
এ ছাড়া বিজিএমইএর অন্যান্য পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের প্রতিনিধি, বিকেএমইএ, বেপজা, জেলা প্রশাসন, সিএমপির উপপুলিশ কমিশনার (বন্দর), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা প্রধান, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, এনএসআই, ডিজিএফআই, শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, শ্রমিকনেতা এবং ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কারখানার মালিক ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।