ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চার যুবককে আটক করেছেন পুলিশ এবং পাহাড়ি এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পাহাড়ি এলাকায় স্থানীয় জনসাধারণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ রাত ১১টায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলো, মো. ছৈয়দ (১৫) পিতা ওসমান, মো. রাকিব (২০) পিতা শাহআলম, মো. মানিক ইসলাম (২০) পিতা নাসির এবং আব্দুর রহিম (১৮) পিতা আব্দুল মজিদ। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে একজন নবম শ্রেণির এবং অপরজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ আরও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আটক চারজনকে রাত ১২টায় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।