মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২

গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের আড়ার সঙ্গে ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মো. রফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুরচর মুন্সি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. রফিকুল ইসলাম একই গ্রামের শেখ মো. শুকুর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রফিকুল ইসলাম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন।
দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে তার বড় ভাই মো. শহিদুল ইসলাম দোচালা টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আড়ার সঙ্গে রফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন বলেন, খবর পাওয়ার পর সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।