ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের এক বিশেষ অভিযানে নেত্রকোনার পূর্বধলায় ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জারিয়া মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনামুল হোসাইন জেলার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল জারিয়া মোড় এলাকায় মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে এনামুল হোসাইনের কাছে থাকা একটি সাদা চালের বস্তা থেকে ৩৮ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেন পুলিশ। উদ্ধার মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ হাজার টাকা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।