ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় ও কর্তৃপক্ষের অবহেলায় নাঈমা আক্তার লিজা (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে, আর এ ঘটনা ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি ক্লিনিকে ঘটেছে। এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
এর আগে গত শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে লিজা একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। মাতৃত্বের স্বাদ নিলেও সন্তানের মুখ দেখার মাত্র ২০ ঘণ্টার মাথায় তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের একটি দল ক্লিনিকে অভিযান চালায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ক্লিনিকের মালিক, চিকিৎসক ও নার্সসহ সব কর্মচারী পালিয়ে যান।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মজিবুর রহমান জানান, ১৯৮২ সালের বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।