ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফসহ তার এক সহযোগীকে আটক করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদক কারবারি আবু হানিফসহ আটক দুই জনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য জনাব, মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা।
এর ধারাবাহিকতায় বুধবার রাত ১২টার দিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ১ টি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করা হয়।