রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪১

দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। খাবার তৈরির কারখানায় মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার ও ওষুধ বিক্রির দায়ে চাঁদপুরের হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার (১ মার্চ) হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় মেসার্স মিতু ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ফুড কালার (রঙ) পাওয়ায় ওয়েলকাম সুইটস অ্যান্ড বেকারির মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনাব, আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ও বাসী খাবার ধ্বংস করা হয়। এ ছাড়াও নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।