ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৫ দিন পূর্বে ফুটবল খেলা নিয়ে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিশুপুত্র ও মোস্তাক মিয়ার শিশুপুত্রের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে এ বিরোধ দুই পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আজ শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের লোকজন জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জনাবা, রাখী রানী দাস জানান, দুই শিশুর ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।