বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:১৫

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসককে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর বিভিন্ন ধারায় এ আদালত পরিচালিত হয়।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, আব্দুল আল মামুন কাওসার শেখ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে লাইসেন্সবিহীন দিনাজপুরের ঘোড়াঘাট ওসমানপুরের একটি ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা জরিমানা, রানীগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা ও আর একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা এবং ডুগডুগি হাটে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার কামাল নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। আদালতের প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী। অভিযানের সময় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করেন।