ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে দিনাজপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এক কারখানাকে সিলগালা ও মালিককে জরিমানা করেছেন দিনাজপুর জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং র্যাব-১৩ ব্যাটালিয়নের সমন্বিত অভিযানে বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং ৯২৩ কেজি পিপি দানা জব্দ করা হয়। পরে একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আহরাব আল আকাশ। আরও উপস্থিত ছিলেন র্যাব-১৩ ব্যাটালিয়নের সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী এবং দপ্তরের অন্যান্য কর্মচারীরা।