শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪০

সড়কে ট্রাকচাপায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় বগুড়ার শেরপুরে এক পথচারী ও এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ জন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুরের দিকে আসছিল।
এসময় শেরপুরের রণবীরবালা বশীর পগলা মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে (৩৫) চাপা দেয় ট্রাকটি। এরপর বিপরীত থেকে আসা একটি নছিমনও ট্রাকের নিচে চাপা পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনের যাত্রী হারুন অর রশিদ (৫২) মারা যান।
দুর্ঘটনায় আহত ২১ যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ট্রাকের চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।