শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২২

নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নৌকা ডুবে নিখোঁজের এক দিন পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সজীব জলদাস (২৩)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলেবাড়ির জনার্দন জলদাসের ছেলে।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন ছোট ফেনী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। নিহত সজীব জলদাস পেশায় নরসুন্দর ছিলেন।
কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জামিল মিয়া বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত একদল ডুবুরি ছোট ফেনী নদীতে উদ্ধার অভিযান চালান। তবে নিখোঁজ যুবকের কোনো সন্ধান না পেয়ে বিকেলের দিকে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন নদীর কূল থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন।