ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এবার পাটের উৎপাদন কম হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলায়। পাট চাষে খরচও হয়েছে বেশি। তবে বাজারে দাম বেশি পাওয়ায় পাটচাষিরা এবার লাভবান হয়েছেন। এতে পাটচাষিদের মনে স্বস্তি ফিরে এসেছে।
কয়েকজন কৃষক বলেছেন, গত বছর এই সময়ে প্রতি মণ পাট ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি হয়েছিল। এতে কৃষকদের প্রতি মণে ৫০০ টাকার মতো লোকসান হয়েছিল। কিন্তু এবার প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার ১০০ টাকায়। এতে কৃষকদের এবার প্রতি মণে ৪০০ থেকে ৫০০ টাকা লাভ হচ্ছে।
কৃষকেরা আরও বলেন, গত বছরের তুলনায় এবার পাট চাষের খরচ প্রতি মণে ২০০ টাকার মতো বেড়েছে। এ ছাড়া খরার কারণে এবার পাটের ফলনও কম হয়েছে। গত বছর প্রতি মণ পাটের উৎপাদন খরচ ছিল ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এবার প্রতি মণের উৎপাদন খরচ আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা। ফলন কম ও উৎপাদন খরচ বেশি হলেও পাটের দাম ভালো হওয়ায় কৃষকেরা এবার লাভের মুখ দেখছেন এবং খুশি হয়েছেন।