সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩

ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠতে পারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এডিস মশার প্রজনন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর পিক সিজনে মশা নিধনে যথাযথ কার্যক্রম না থাকায় প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি ধীরে হলেও দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। তবে ডেঙ্গু পরিস্থিতি এখনো গত বছরের চেয়ে ভালো। অবশ্য সচেতনতা এবং মশা নিধনের কার্যকর পদক্ষেপ না থাকলে কম সময়েই আবার ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা রাজধানীর দুই সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম স্বাভাবিকভাবে হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকার গুলশান, মহাখালী, শেওড়াপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিউ মার্কেট এলাকার বাসিন্দারা। এমন কি বাংলামটর, পল্টন, জুরাইন, পুরান ঢাকা, মগবাজার, গুলশান-১ ও ২, রামপুরা, কাওরান বাজার এলাকাতেও মশক নিধন কর্মীরা সক্রিয় নন।
ডিএনসিসির ঘোষণা অনুযায়ী, ডাবের খোসা, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল কেনার কার্যক্রমও বন্ধ। এছাড়া মশার ডিম পাড়ার মতো পাত্রগুলোও ধ্বংস করা হয়নি।
গত বছর ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বেশি। এখন বর্ষার শেষ সময়েও নামছে ঝুম বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা নিতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।