ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশির ভাগ গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে গত তিন দিনের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে। ফলে পরিবারগুলো বন্যায় ক্ষতির সম্মুখিন হয়।
এলাকার বেশিরভাগ গ্রামের বসতবাড়ি, সড়ক, ফসলি জমি ও পুকুর পানিতে প্লাবিত। আনুমানিক এক লাখ গ্রামবাসী পানিবন্দী হয়ে পড়েছে। এ অবস্থায় গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের সেনা সদস্যদের ফটিকছড়ি উপজেলায় তৎক্ষণিক মোতায়েন করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা মোতায়েনের সাথে সাথে পানিবন্দী সাধারণ মানুষকে উদ্ধার করা শুরু করে এবং উদ্ধারকৃতদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেয়।
উদ্ধার হওয়া সাধারণ মানুষের খাদ্য সঙ্কট দেখা দিলে সেনাসদস্যগণ তৎক্ষণাৎ তাদেরকে শুকনা খাবার দিয়ে সহায়তা প্রদান করেন। তারা সার্বক্ষণিক স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক বন্যাদূর্গত মানুষের জন্য বিভিন্ন প্রশাসনিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো: তাজুল ইসলাম, পিএসসি, জি বন্যাদুর্গত এলাকায় সেনাসদস্যদের উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে বিভিন্ন প্রকার ত্রাণ বিতরণ করেন। জোন কমান্ডার বন্যা চলাকালীন সময়ে এলাকাবাসিকে সর্বাত্তক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।