বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩০

পশুর হাট বসবে সারা দেশে ৪৪০৭টি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারা দেশে এবার পবিত্র ঈদুল আজহায় চার হাজার ৪০৭টি পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, পশুবাহী গাড়িতে তাদের গন্তব্যস্থল বা কোন হাটে যাবে সেই হাটের নাম গাড়ির সামনে লিখে রাখতে হবে। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্যমতে সিটি কর্পোরেশন ও মহানগর জেলাগুলোসহ সারা দেশে মোট চার হাজার ৪০৭টি পশুর হাট বসার তথ্য আমাদের কাছে আছে। এটা হয়তো বাড়তেও পারে। প্রতিটি পশুর হাটে অস্থায়ী পুলিশের ক্যাম্প বসানো হবে। হাটে ওয়াচ-টাওয়ার, জালনোট শনাক্তকরণ মেশিন, পশুচিকিৎসক থাকবেন। পশুর হাটে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও থাকবেন।
তিনি বলেন, ঈদুল আজহায় পশুবাহী যানবাহনের আধিক্য দেখা যাবে। সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হবে, তারা যেন সবসময় রাস্তার বাম পাশের লেন ব্যবহার করে। তারা যেন রাস্তার মধ্যে না আসে বা ডানেও না যায়। এছাড়া রাস্তার ওপর পশুর হাটে তারা কোনো পশু নামাতে পারবে না, রাস্তায় দাঁড়াতে পারবে না। তাদের জন্য নির্দিষ্ট স্থান আছে, সেখানেই তারা পশু নামাবে।
জনাব, আসাদুজ্জামান খান আরও বলেন, পবিত্র ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।