ডেইলি ক্রাইম বার্তা : ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে একটি নির্মানাধীন ভবনের ছাদের দেয়াল ধসে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় খাবারের হোটেলের টিনের ওপর পড়ে দুইজন নিহত হয়েছে এবং এসময় আরো একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, লোকমান হোটেলের মালিক লোকমান এবং কর্মচারী মোকসেদুর রহমান। এ ঘটনায় শাকিব নামে আরও এক হোটেলের কর্মচারী আহত হয়েছেন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, লোকমান, মোকসেদুর এবং শাকিব টিনশেডের তৈরি হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে ঝড়-বৃষ্টির মধ্যে পাশের তিনতলা ভবনের ছাদের দেয়ালের কিছু অংশ ধসে হোটেলের টিনের চালে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়। বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল নগরীর রুপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”