ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবার সাথে মাছ ধরতে গিয়ে সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে রেদোয়ান আহমদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আটগ্রামের নোয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রেদোয়ান নোয়াগ্রামের মাসুক আহমেদের ছেলে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেলা ১টার দিকে বাবার সঙ্গে রেদোয়ান ও তার আরেক ভাই বাড়ির পাশে মাছ ধরতে যায়।
এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে রেদোয়ান আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক মফিদুল হক সজল জানান, পিতার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রেদোয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।