ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইক ছিনতাই করার সময় যশোরের অভয়নগরে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার ভুলাপাতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের চালক আহত হন।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স ৩৫–৪০ বছর। আহত ইজিবাইকচালকের নাম রাজু আহমেদ (৩৫)। তাঁর বাড়ি উপজেলার গুয়াখোলা গ্রামে। তাঁকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এস এম আকিকুল ইসলাম বলেন, যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলটি খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মধ্যে পড়েছে। তাই ফুলতলা থানার ওসি সাহেবও এসেছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।