বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩১

ডাবের দাম বেড়েই চলছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা রাজধানীসহ সারাদেশে। প্রচণ্ড গরমে হাসঁফাঁস অবস্থা সবার। এর মধ্যে একটু স্বস্তির আশায় ডাবের পানিতে চুমুক দিতে গিয়ে পকেট পুড়ছে তৃষ্ণার্তদের। কারণ, গরম যত বাড়ছে, পণ্যটির দামও তত আকাশচুম্বী হচ্ছে। পটাশিয়াম সমৃদ্ধ এই ফলের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে মাত্রাতিরিক্ত দাম বাড়িয়ে ফায়দা লুটছেন অসাধু ব্যবসায়ীরা। খুচরা ও পাইকারি বাজারে যে যেভাবে পারছে দাম বাড়াচ্ছে। খুচরায় এখন প্রতি পিসের দাম গিয়ে ঠেকেছে ১৮০ টাকা পর্যন্ত। অথচ ঈদের আগে এ ডাব ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া গেছে।
ঢাকা রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ী মোড়ে ডাব বিক্রি করছিলেন মো. ইয়াসিন। দাম জানতে চাইলে তিনি বলেন, ১৫০ টাকা পিস। ১২০ টাকার ছোট ডাব ছিল, শেষ হয়ে গেছে। কিছুদিন আগে ৭০-৮০ টাকায় বিক্রি হওয়া ডাব এখন কেন এত দাম জানতে চাইলে খুচরা এ বিক্রেতা সাফ জানিয়ে দেন, নিলে নেন, না নিলে এত কথার টাইম নাই। বিক্রেতার এমন মেজাজে এক ক্রেতা ঠাট্টার ছলে বলে উঠলেন, গরমে চাহিদা তুঙ্গে। তাই ডাবের সঙ্গে বিক্রেতাদেরও দাম বেড়ে গেছে।