বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৫

অর্ধগলিত মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ থাকার ঘর থেকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গলায় ফাঁস দেওয়া এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নিহত বৃদ্ধের নাম মসলেম উদ্দিন এবং তিনি পেশায় ভ্যানচালক।
গতকাল রবিবার রাত সড়ে ৯টার দিকে উপজেলার হরিণাকুণ্ডু মহিলা কলেজের পিছনে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে মসলেম উদ্দিনের থাকার ঘর থেকে দুর্গন্ধ ছাড়াচ্ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভ্যানচালকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
তিনি স্থানীয়দের বরাতে জানান, গত পরশুদিন দুপুর ২টার দিকে তিনি বাইরে ঘোরাঘুরি করেছেন। তারপর থেকে আর তাকে দেখা যায়নি। যেহেতু নিহতের ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল সুতরাং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।