রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

আগুনে পুড়লো কয়েকটি গুদাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুন লেগে গাজীপুরের টঙ্গী বাজারের একটি মার্কেটে মুদি মালামালের ছয়টি গুদাম পুড়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টঙ্গী বাজারে একটি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি মুদি মালামালের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও গুদামে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন পণ্যের ছয়টি গুদাম ও বিপুল পরিমাণ মুদি মালামাল পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. নাঈম জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।