বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫

অভিযানে বিয়ার ও আইস জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে তিনটি বস্তার ভেতর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ঝাউবাগান এলাকায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৪৩ ক্যান বিয়ার জব্দ করেছেন কোস্টগার্ড। বুধবার বিকালে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন জনাব, মো. সুয়াইব বিকাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়া ঝাউবাগান এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১২৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ১১৯ ক্যান মিয়ানমার লেজার বিয়ার পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দকৃত বিয়ার ও ক্রিস্টাল মেথ আইস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।