ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঢাকা সাভারের আশুলিয়ায় যাত্রীদের মারধরে একটি পরিবহনের চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) রাতে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পরিবহনের বাসচালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তাঁরা বর্তমানে ঢাকা রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিলেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।