রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৫

অটোরিকশার যাত্রীর মৃত্যু বাসের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ৩ যাত্রীর মৃত্যু হয়েছে যাত্রীবাহী বাসের ধাক্কায়, আর এ ঘটনা রংপুরে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাউনিয়া উপজেলার পূর্ব চাঁনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী জনু (১৫) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নাহিদ। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু ও অটোরিকশাচালক রবিউল।
নিহত নাহিদের স্বজন আবু তোয়েব জানান, সন্ধ্যায় নাহিদ তার বন্ধুকে নিয়ে রংপুর এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রওশন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।