বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬

এক এজেন্সি মালিক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৩৭ জন হজ্জ যাত্রীর হজ্জের প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাওয়া এক এজেন্সি মালিক মাওলানা ফয়জুর রহমানকে (৪৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে দুবাই থেকে দেশে ফেরার পর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, কেরানীগঞ্জে ১৩৭ জন হজ্জ যাত্রীর প্রায় ৬ কোটি টাকা নিয়ে আত্মগোপন করে এজেন্সি মালিক ফয়জুর রহমান। এ ঘটনায় হজ্জ যাত্রী জাকির হোসেন কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, মামলার পর আদালতের নির্দেশে ফয়জুরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, যদিও সেখানে মাত্র ৭৩ লাখ টাকা সর্বশেষ জমা আছে। পাশাপাশি বিমানবন্দরে তার পাসপোর্ট তল্লাশি করে জানা যায়, ওই দিনই (২৫ ফেব্রুয়ারি) তিনি বাহরাইন চলে গেছেন। তার পাসপোর্ট আমরা অবজেকশন দিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি দুবাই থেকে একটি বিমানে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে আমাদের খবর দেয়।