শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৯

চাচা খুন ভাতিজার হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৩৭) নিহত হয়েছেন, আর এ ঘটনা ঝিনাইদহের মহেশপুরের সড়াতলা এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের বেড়েরমাঠ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম মৃত আব্দুল বারীর ছেলে। এ ঘটনায় ভাতিজা রাজু আহম্মেদকে (২৬) আটক করেছেন পুলিশ।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে সড়াতলা বাজারের উদ্দেশ্যে বের হন শাহ আলম। এরপর বাড়িতে ফিরে এসে ভাতিজা রাজুর সাথে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা গরুর ঘাস কাটা বটন দিয়ে চাচা শাহ আলমের শরীরের নানা জায়গায় আঘাতসহ মাথায় সাজোরে আঘাত করে। ওই সময় চাচা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।
সেসময় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।
মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।