ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারত থেকে আবারও আলু আমদানি করা হচ্ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। রোজাকে সামনে রেখে শনিবার (৯ মার্চ) বিকালে ৬৯ মেট্রিকটন আমদানি করা হয়েছে। এর এক মাস আগে আমদানি করা হলেও বাজারে দাম কমে যাওয়ায় পরে তা বন্ধ হয়ে যায়।
এদিকে আমদানিকারকেরা জানান, দেশের বাজারে আবারও দাম বেড়ে যাওয়ায় রোজায় বাজার স্বাভাবিক রাখতে আলু আমদানি করা হচ্ছে। এর ফলে দাম কমে আসবে।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের সহ ব্যবস্থাপক এসএম হায়দার জানান, ভারতের পল ট্রেডিং প্রতিষ্ঠান বাংলাদেশে এই আলু রপ্তানি করছে। আর বাংলাদেশের মেসার্স দেবনাথ ভান্ডার নামে আমদানিকারক প্রতিষ্ঠানটি আলু আমদানি করছে। ভারতীয় ৩টি ট্রাকে ৬৯ মেট্রিকটন আলু আমদানি হয়ে বন্দরে প্রবেশ করে। কাস্টমস শুল্ক পরিশোধের পর দ্রুত খালাসের প্রক্রিয়া নেওয়া হবে।