বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৬

দুই নারীর কারাদণ্ড, অর্থ আত্মসাতের দায়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি এনজিওর নামে ২ হাজার ৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। এ অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবে বলে আরও কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে নিয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার মো. শামছুর স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আরিফুর রহমান বলেন, একটি এনজিওর নাম করে ওই দুই নারী ২ হাজার ৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন।
ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী তাদেরকে আটক করেন এবং খবর পেয়ে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।