সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৪

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে লক্ষ্মীপুরে মনির হোসেন নামে এক ব্যবসায়ীর বসতঘর ও দুটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ চোখ খুলে আগুন দেখতে পেয়ে ঘুমন্ত সন্তানদের জাগিয়ে ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচেন মনিরের স্ত্রী মাইনুল বেগম। তবে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ ২ লাখ টাকা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। ঘর, নগদ টাকা ও মোটরসাইকেল পুড়ে গিয়ে মনির এখন সর্বশান্ত হয়ে পড়েছেন।
গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য টুমচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মনির পেশায় ডিম ব্যবসায়ী।
মনির ও তার স্ত্রী মাইনুল সাংবাদিকদের জানায়, প্রতিদিনের মতোই এশার নামাজের পর মাইনুল তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘন্টাখানিকপর তার চোখ খুলে যায়।
এতে ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। তখনও সন্তানরা ঘুমিয়ে আছে। তাৎক্ষণিক সন্তানদেরকে ঘুম থেকে উঠিয়ে ঘর থেকে বের হয়ে প্রাণে বাঁচেন তারা। বসতঘরটি আগুনে জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পৌঁছার আগেই স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরমধ্যেই ঘরসহ আসবাবপত্র, নগদ টাকা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি বসতঘর, দুটি রান্না ঘর, একটি মোটরসাইকেল পুড়ে গেছে। নগদ টাকা পুড়ে গেছে বলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন।