বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

রেল পুলিশ নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজ হওয়া পঞ্চগড় থেকে সপ্তম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছেন পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পার্বতীপুর রেল জংশন স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯ টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেল স্টেশনে পৌছালে মো. সিয়াম নামে ওই শিশুকে প্লাটফরমে সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে থানার নারী শিশু ডেস্কে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে পুলিশ।
এর পর সাব ইন্সপেক্টর সাজিদ হাসানের নেতৃত্বে এএসআই আবু হানিফ শিশু সিয়ামের পরিবারের সাথে যোগাযোগ করে। রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাবা হামিদুল ইসলাম ও মা শাহিনা আক্তার থানায় এলে তাদের কাছে সিয়ামকে হস্তান্তর করা হয়। তাদের বাড়ী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারহার ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামে। সিয়াম বাড়ি থেকে বের হওয়ার পর একদিন আগে নিখোঁজ ছিলো বলে জানায় তাঁর পরিবার।
এদিকে, নিখোঁজ শিশুকে খুঁজে পাওয়ায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবা হামিদুল ইসলামসহ তাঁর পরিবার।
পার্বতীপুর রেল থানার সাবইন্সপেক্টর সাজিদ হাসান জানান, শিশুটিকে উদ্ধারের পর পরিবারের কাছে পৌছানো পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এএসআই আবু হানিফ। এমন মানবিক কাজের স্বাক্ষী হওয়া পুলিশ বাহিনীর অন্যতম অর্জন বলে জানান তিনি।