ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাশেদুল শেখ (১৭) নামে ফরিদপুর ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভাঙ্গা পৌর সদরের পূর্ব হাসামদিয়া মহল্লায় একটি নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় টাইলসের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু ঘটে। নিহত রাশেদুল শেখ ফরিদপুর জেলা সদরের কোতোয়ালি থানার কবিরপুর চর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল রবিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার একটি বাড়ির দ্বিতীয় তলায় টাইলসের কাজ করছিলেন।
ভবনের পেছনের দিকে কাজ করার সময় বিদ্যুতের মেইন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সে। তারপর গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। নিহতের পক্ষে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।