ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ধাক্কায় ঢাকা রাজধানীর মগবাজারে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানতে পারেনি।
হাতিরঝিল থানার এসআই মো. তমেজ উদ্দিন বলেন, সকাল সোয়া ৯টার দিকে মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।