ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও গ্রামে। শুক্রবার এ ঘটনায় পারভেজ হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছেন।
এ সময় উভয় গ্রুপের টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত পারভেজ হোসেন (২৪) কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়হিস্যা গ্রাম এলাকা থেকে বিজয় নামের একজনকে আটক করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।