ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহের সদরে এক শিশু ও এক নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুরসংলগ্ন বড়বিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে দুর্ঘটনার পর দ্রুতগতির বাসটি ঘটনাস্থল থেকে একটু দূরে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে।
কোতোয়ালি মডেল থানার ওসি জনাব, মাইন উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর বড়বিলা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ সাতজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।