ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়ে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল জনাব, মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের ইনানীতে মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) সদস্যদের হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
বিজিপি সদস্যদের হস্তান্তরকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েসহ দুই দেশের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে কক্সবাজারের ইনানীতে এসে পৌঁছেন বিজিবিপ্রধান।
এদিকে ভোর সাড়ে পাঁচটা থেকে বিজিবির কঠোর পাহারায় ঘুমধুম থেকে ছয়টি গাড়িতে করে ১৬৪ জনকে ইনানী সৈকতে আনা হয়। অপর ১৬৬ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে আনা হয়। হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করার পর পর্যটকবাহী দুটি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমার সেনাবাহিনীর জাহাজে নেওয়া হয়।