ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে ঢাকার আশুলিয়ায় ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, দু’টি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ। এর আগে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা-সংলগ্ন সাউথ বেঙ্গল (সিএনজি) ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জিসান মণ্ডল (২৪), রাজু আহম্মেদ (২৪), আব্দুল মমিন (২৫), মো: নয়ন ইসলাম (২৩) ও মো: সৈনিক ইসলাম শাহীন (২৮)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে ভাড়া বাসায় থেকে ডাকাতি করতেন।
পুলিশ জানায়, এই চক্রের সদস্যরা আশুলিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জামগড়ায় পুলিশ উপস্থিত হলে এই চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এ এফ এম সায়েদ জানান, গ্রেফতার আসামিদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।