ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আট দিন ধরে নিখোঁজ ফাইজা আকতার হালিমা (৮) নামে এক শিশুর চট্টগ্রামের হাটহাজারীতে অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
শনিবার রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাজি নেয়ামত আলী সড়কের একটি জমি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাইজা ভোলা সদরের ৯নং ওয়ার্ডের গাজীরচর এলাকার কাসেম ব্যাপারী বাড়ির আকবর হোসেনের মেয়ে। তবে সে দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া ঘরে বসবাস করত।
মদুনাঘাট তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহিউদ্দীন সুমন বলেন, বিগত আট দিন ধরে শিশু ফাইজা নিখোঁজ ছিল। এর মধ্যে শনিবার স্থানীয়রা তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে আমাদের অবহিত করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।